বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ যাত্রায় ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:১২ পিএম
পাটুরিয়া ঘাট
expand
পাটুরিয়া ঘাট

আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ব্যাপক চাপ দেখা গেছে পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে। তবে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নির্বিঘ্নে এবং ভোগান্তি ছাড়াই পারাপার হতে পারছেন সাধারণ মানুষ।

বুধবার (১৮ মার্চ) সরেজমিনে সকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় দেখা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার এই দুই নৌরুটে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

বর্তমানে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ১৭টি এবং আরিচা–কাজিরহাট রুটে ৫টি ফেরি চলাচল করছে। এছাড়াও যাত্রী পারাপারে সহায়তা দিতে ৩৩টি লঞ্চ চালু রাখা হয়েছে।

যাত্রীরা জানিয়েছেন, বাস ভাড়া কিছুটা বেশি থাকলেও কোন প্রকার সমস্যা ছাড়াই তারা ঘাটে আসতে পেরেছেন। এবং বিগত বছরগুলোর থেকে এ বছরে তারা সব থেকে শান্তিপূর্ণভাবে নদী পারাপার হতে পারছেন বলে জানান একাধিক যাত্রী।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মহরম আলী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দুই নৌরুটে পুলিশ সদস্যসহ মোট ৪১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, বাড়তি চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

বাড়তি যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে এবারের ঈদ যাত্রায় এই নৌপথে স্বস্তি ফিরে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন