

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার কুমারখালীতে কলাবাগান থেকে বাদশা শেখ (৪২) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকায় কালী নদীর শুকিয়ে যাওয়া অংশের পাশের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাদশা শেখ চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্রামের মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালী গঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কলাবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ফুফাতো ভাই ও চাপড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল শেখ জানান, প্রায় তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাদশা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ শনাক্ত করেন।
এ ব্যাপারে বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহটি বাদশা শেখের বলে শনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।