শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে, কুয়াশায় শীতের প্রকোপ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
কুড়িগ্রামে আবারও বইছে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা
expand
কুড়িগ্রামে আবারও বইছে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা

কয়েক দিনের বিরতির পর কুড়িগ্রামে আবারও বইছে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা।

আজ রোববার সকালে জেলার রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

গতকাল শনিবার রাত থেকেই ঘন কুয়াশা ও শীতল বাতাসে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। আজ ভোরে পুরো জেলা কুয়াশার চাদরে ঢেকে যায়। দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ কমেনি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের শীতার্ত মানুষের জন্য এখন পর্যন্ত ২২ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই সকালে কাজে বের হতে পারেননি। বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা মানুষের কষ্ট বেড়েছে। ঘন কুয়াশার প্রভাবে সড়ক যোগাযোগেও ব্যাঘাত ঘটছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীর গতিতে চলতে দেখা গেছে। এতে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।

নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তাজেল উদ্দীন বলেন, ‘সারা দিন সূর্যের দেখা নাই। প্রচণ্ড শীত আর ঠান্ডায় গরিব মানুষ কাজে যাইতে পারছে না। এই এলাকায় এখনো কোন শীতবস্ত্র আসেনি।’

চিলমারী উপজেলার ফকিরেরহাট নৌকাঘাট এলাকার নৌকাচালক আবদুল হক বলেন, ‘এত ঘন কুয়াশা পড়ছে নদীত পথ বুঝা যায় না। শীতে ১০ হাত সামনের কোথায় ডুবো চর বুঝা মুশকিল, আন্দাজে নৌকা চালাই।’

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস হলেও ঠান্ডা বাতাস ও বেশি আর্দ্রতার কারণে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। সকাল ছয়টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আগামী কয়েক দিন শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন