

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উত্তরপ্রদেশের শামলি জেলায় এক মর্মান্তিক ঘটনায় হরিয়ানার পরিচিত গায়ক ও অভিনেতা অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। বুধবার সন্ধ্যায় জিম থেকে শরীরচর্চা শেষ করে বের হওয়ার পরপরই তার ওপর এই হামলা চালানো হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে অঙ্কিত জিম থেকে বের হতেই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছুড়তে থাকে।
প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চলে। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হামলা চালিয়ে চারজন সশস্ত্র দুষ্কৃতীকে সেখান থেকে পালিয়ে যেতে দেখেন স্থানীয়রা।
অঙ্কিতের দেশের বাড়ি শামলির বন্টিখেড়া গ্রামে হলেও কাজের জন্য তিনি মূলত হরিয়ানার রোহতক ও সোনীপাতে থাকতেন। আঞ্চলিক বিনোদন জগতে গায়ক ও অভিনেতা হিসেবে তার বেশ নামডাক ছিল।
বিশেষ করে ‘ভারি কোর্ট মে গোলি মারেঙ্গে মেরি জান’ গানটির জন্য তিনি হরিয়ানার সঙ্গীতপ্রেমীদের কাছে বেশ পরিচিতি পান।
সংগীত ও অভিনয়ের পাশাপাশি অঙ্কিত রাজনীতিতে নামারও প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। সামনেই জেলা পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
তবে এই রাজনৈতিক প্রতিযোগিতার জেরে নাকি অন্য কোনো কারণে তাকে খুন করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের শনাক্ত করা ও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে।


