বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে পৌঁছাল সৌদি আরবে নিহত ৯ বাংলাদেশির মরদেহ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গত ৯ আগস্ট রাতে রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় কাজ শেষে শ্রমিকেরা কারখানার ভেতরেই ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা বের হওয়ার সুযোগ পাননি। এতে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, কারখানাটির মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর শ্রমিকেরা ভেতর থেকে বের হতে পারেননি। পরে দগ্ধ অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী, দেশে আসা ৯ মরদেহের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন— উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

নিহতদের মরদেহ দেশে ফেরার খবরে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন