রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৪

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৭:০২ পিএম
খাগড়াছড়িতে জামায়াত-বিএনপি সংঘর্ষ
expand
খাগড়াছড়িতে জামায়াত-বিএনপি সংঘর্ষ

তুচ্ছ ঘটনার জেরে পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় জামায়াতের পানছড়ি উপজেলা আমির জাকির হোসেনসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

রবিবার দুপুরে উপজেলা সদরের জিয়া স্কোয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় দুই দফায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিনহাজুর রহমানের অভিযোগ, দুপুর ১টার দিকে পানছড়ি বাজারের জিয়া স্কোয়ার এলাকায় উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আল-আমিনের নেতৃত্বে ৮-১০ জন যুবক অতর্কিতভাবে জামায়াতের উপজেলা আমির জাকির হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুর ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়।

অন্যদিকে পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনের দাবি, মোটরসাইকেল ওভারটেকিংকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। এতে জামায়াতের দুইজন ছাড়াও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও আরও এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন।

এদিকে আহতদের মধ্যে জাকির হোসেনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সৈয়দ মজনুকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন