

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝালকাঠি সদর হাসপাতাল থেকে খাবার খাওয়ানোর কথা বলে ৬০ বছর বয়সী এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বেলাল সিকদার ও মো. নাসির মল্লিক নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়।
সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
আটক দুইজন হলেন- ঝালকাঠির কৃষ্ণকাঠি গ্রামের মোবারক আলী সিকদারের ছেলে মো. বেলাল সিকদার। বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে মো. নাসির মল্লিক।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

