

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝালকাঠি শহরের টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিএন্ডটি সড়কের তপন হালদারের বাসার নিচতলায় ভাড়া থাকতেন মলিনা রায়। শুক্রবার পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে যান। রাতে বাসায় ফিরে তারা প্রধান ফটকের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে একটি কক্ষে বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, হত্যার পর দুর্বৃত্তরা বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। একই ভবনের আরও তিনটি ফ্ল্যাটেও চুরির বা ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ভবনের একাধিক দরজা ভাঙা অবস্থায়ও দেখা যায়।
খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পরানো অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও সংগ্রহ করেছে পুলিশ।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবর বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’