শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ জন বরখাস্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাতজন কারা কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছেন দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষী।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত প্রতিবেদনে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। এআইজি মো. জান্নাতুল ফরহাদ জানান, রিপোর্টের ভিত্তিতে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা (২১) নামের এক বন্দি পালিয়ে যান।

জানা যায়, রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর অতিক্রম করেন। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে কারাগারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বন্দির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।

এআইজি মো. জান্নাতুল ফরহাদ জানান, পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। একই সঙ্গে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে একজন বন্দি পালিয়ে যেতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন