বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার সমর্থনে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:০৬ এএম
ঝালকাঠিতে  বর্ণাঢ্য শোভাযাত্রা
expand
ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে শহরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।

আর্জেন্টাইন ফ্যানস অব ঝালকাঠি”-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বুধবার (১০ জুন) বিকেলে ঝালকাঠি পৌর স্টেডিয়াম প্রাঙ্গণে সমর্থকরা জড়ো হন। পরে প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে থানার মোড়, কুমারপট্টি মোড়, আড়দ্দাপট্টি মোড়, ডাক্তারপট্টি মোড়, সাধনার মোড়, ফায়ার মোড় ও রোনালসে রোড প্রদক্ষিণ করে পুনরায় মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা ও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। লাল-সবুজ ও নীল-আকাশি রঙের ধোঁয়ায় পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। বাঁশি ও বাদ্যযন্ত্রের তালে তালে বিশাল আকৃতির পতাকা, মোটরসাইকেল শোভাযাত্রা, সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও রিকশা প্রদর্শন করা হয়।

নারী, শিশু ও তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তোলে। বিশেষভাবে সাজানো ঘোড়ার গাড়িটি ছিল শোভাযাত্রার অন্যতম আকর্ষণ।

“আর্জেন্টাইন ফ্যানস অব ঝালকাঠি”-এর সদস্য সাব্বির হোসেন রানা বলেন, “গত বিশ্বকাপেও আমরা এমন আয়োজন করেছিলাম। তখন ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন প্রত্যাশা নিয়ে আমরা দলকে সমর্থন জানাচ্ছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”

আয়োজক কমিটির সদস্য মো. মামুনুর রশিদ রনি বলেন, অল্প সময়ের প্রস্তুতিতেই একটি সুন্দর, সুশৃঙ্খল ও সফল আয়োজন সম্ভব হয়েছে। এতে ঝালকাঠির আর্জেন্টিনা সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা ছিল সবচেয়ে বড় শক্তি।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক হৃদয় ইসলাম বলেন, আর্জেন্টিনার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম ছিল এই আয়োজন। এত সমর্থককে একসঙ্গে দেখে সত্যিই অনুপ্রাণিত হয়েছি।

আরেক সমর্থক আহসান আবির বলেন, খেলাধুলা মানুষকে একত্রিত করে। এই শোভাযাত্রা তারই একটি উজ্জ্বল উদাহরণ। আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজন দেখতে চাই।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন ইতিবাচক ফুটবল সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি সমর্থকদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বকাপকে ঘিরে ঝালকাঠির ফুটবলপ্রেমীদের এমন উৎসবমুখর অংশগ্রহণ জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন