মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ভাসমান সেতু ধস, ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম
ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুতে ধস
expand
ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুতে ধস

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ধসে পড়ে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১ শিশু নিখোঁজ রয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে শান্তি নামের এক শিশু।

নিহত শিশুরা হলো—দেওয়ানগঞ্জের ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার কন্যা মায়ামনি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬), তার মেয়ে খাদিজা (১২) এবং আবির নামে আরও এক শিশু।

স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র নদে নির্মিত ভাসমান সেতুর ওপর অতিরিক্ত ভিড় জমে। একপর্যায়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটি ধসে পড়ে। এতে বহু মানুষ নদীতে পড়ে যায়। বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৫ শিশু নিখোঁজ হয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বাকি এক শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সরকার জানান, ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে রয়েছে। ইতোমধ্যে ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

ঈদের আনন্দঘন মুহূর্তে শিশুদের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো দেওয়ানগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Austria
85'
1 - 0
38' Lionel Messi
World Cup