

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে রাজনৈতিক দল নিজেদের ১৫৮ জন নেতাকর্মীকে হত্যা করতে পারে, তাদের হাতে কোনো অবস্থাতেই দেশ ও জনগণ নিরাপদ থাকতে পারে না।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের আজমীরগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে গণভোটের রায় বাস্তবায়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত 'জুলাই জাগরণ' কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্যে বিএনপির কড়া সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত দুই বছরে দেশে রাজনৈতিক সহিংসতায় ২১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষেই ১২৮ জনের মৃত্যু হয়েছে।
বক্তব্যে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, কিছু সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরপেক্ষ ভূমিকা না রেখে দলীয় পক্ষপাতিত্ব করছেন। কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ না করে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করা উচিত।
রাজনৈতিক সহনশীলতার ওপর জোর দিয়ে সারজিস আলম বলেন, রাজনৈতিক মতভেদের কারণে কোনো ব্যক্তি বা দলের সভা-সমাবেশ, মিছিল কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া উচিত নয়। দেশের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হলে রাজনৈতিক জবাবদিহিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।
আজমীরগঞ্জের এই সমাবেশে সারজিস আলম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যুবসমাজের অধিকার প্রতিষ্ঠার নানা দিক তুলে ধরেন। নেতাকর্মীদের ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আজমীরগঞ্জবাসীর কাছে দলের জন্য দোয়া চান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কর্মসূচি পালনের আশা ব্যক্ত করেন।
সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তাদের বক্তব্যের সমর্থনে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেন। অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের চেতনা ধরে রেখে একটি সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।