

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিল্প-সংস্কৃতিতে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’-এর জন্য নাট্যকলা বিভাগে মনোনীত হয়েছেন হবিগঞ্জের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব পার্থ প্রতিম সেন।
জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জের সম্মাননা বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৮ জুন সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ৬ জুলাই জেলা কালচারাল অফিসার ও সম্মাননা প্রদান সংক্রান্ত বাছাই কমিটির সদস্য সচিব অসিত বরণ দাশ গুপ্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
এ বছর শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। তারা হলেন নাট্যকলা: পার্থ প্রতিম সেন,কণ্ঠসংগীত: সৈয়দ আফিকুর রহমান,চারুকলা: বীর কষব উদ্দিন আহমেদ,যন্ত্রসংগীত: সুধীর কান্তি রায়,নৃত্যকলা: গৌতম দাস সুমন,অফিস আদেশে জানানো হয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।
পার্থ প্রতিম সেন দীর্ঘদিন ধরে হবিগঞ্জের নাট্যচর্চা, মঞ্চনাটক নির্মাণ, নির্দেশনা এবং সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নতুন প্রজন্মের নাট্যকর্মী গড়ে তোলার ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। তার এই স্বীকৃতিতে জেলার সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
সংস্কৃতিসেবী, নাট্যকর্মী ও শুভানুধ্যায়ীরা বলেন, পার্থ প্রতিম সেনের দীর্ঘদিনের নিষ্ঠা, সৃজনশীলতা এবং শিল্প-সংস্কৃতির প্রতি আত্মনিবেদিত অবদানের যথার্থ মূল্যায়ন হয়েছে এই সম্মাননার মাধ্যমে। তারা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও সমৃদ্ধ সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মতে, জেলা শিল্পকলা একাডেমির এ ধরনের সম্মাননা শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সৃষ্টিশীল কাজে নতুন প্রেরণা জোগাবে এবং হবিগঞ্জের শিল্প-সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।