

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে হারুন মিয়া নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করায় ফাঁড়িতে ঢুকে এক পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আলফাজ মিয়া নামে উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় একটি মারামারির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের আহাম্মদ আলীর পুত্র হারুন মিয়াকে গ্রেপ্তার করেন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।
পরবর্তীতে দুপুর ১ টার দিকে শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলফাজ মিয়া ফাঁড়িতে গিয়ে এএসআই শহিদুল ইসলামকে গালাগাল করে বিভিন্ন হুমকি ধামকি দেয়।
আলফাজ মিয়ার দাবি তার অনুমতি না নিয়ে পুলিশ তার লোকজনকে ধরে নিয়ে আসার সাহস কোথায় পেয়েছে? তিনি এএসআই শহিদুল ইসলামকে দেখে নেওয়ার হুমকি দেন।
অভিযোগের বিষয়ে আলফাজ মিয়ার মোবাইল ফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে এবং উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য আলফাজ মিয়ার বিরুদ্ধে এর আগেও অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন ও পাচারের অভিযোগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।