

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল আহমেদ রানা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা মুক্তদাহ গ্রামের ওয়াদুদ (ওদুদ) খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সকালে মুক্তদাহ মোড়ে জুয়েল রানার সঙ্গে প্রতিপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম এবং স্থানীয় নজরম মেম্বারের ছেলে বাবু ও সুমনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। অভিযোগ রয়েছে, তার দুই পায়ের হাঁটুর নিচের অংশও ভেঙে দেওয়া হয়।
নিহতের স্ত্রী মায়া বেগম দাবি করেন, সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় তার স্বামী স্থানীয় মোড়ে চা খেতে যান। এ সময় হামলাকারীরা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্বামীর ওপর বর্বরোচিত হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা জুয়েল রানাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পরিবারের পক্ষ থেকে এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা বলে অভিযোগ করা হলেও, ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।