

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে যৌনবাহিত সংক্রমণ (এসটিআই) প্রতিরোধে ব্যাপক স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে মেক্সিকো। আসর চলাকালে দেশটিতে আসা দর্শনার্থীদের মধ্যে প্রায় ৬০ থেকে ৭০ লাখ কনডম বিতরণের করেছে। একই সময়ে কানাডাও বিশ্বকাপ-থিমভিত্তিক কনডম ও নিরাপদ যৌনস্বাস্থ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করে।
প্রত্যাশা করা হচ্ছে, বিশ্বকাপ উপলক্ষে বিপুল সংখ্যক বিদেশি দর্শনার্থী মেক্সিকোতে ভিড় করবেন। এই পরিস্থিতিতে সিফিলিস, গনোরিয়া ও এইচআইভিসহ বিভিন্ন যৌনবাহিত রোগের ঝুঁকি মোকাবিলায় দেশটি প্রতিরোধমূলক কর্মসূচি জোরদার করছে। বিমানবন্দর, স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্রে কনডমের পাশাপাশি সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে।
কাতার বিশ্বকাপ ২০২২-এর সঙ্গে তুলনা করলে এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। কাতারে সামাজিক ও আইনি সীমাবদ্ধতার কারণে প্রকাশ্যে যৌনস্বাস্থ্য প্রচারণা সীমিত ছিল। তবে মেক্সিকোতে এবার বিষয়টিকে জনস্বাস্থ্য উদ্যোগ হিসেবে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকোর তিনটি ভেন্যু—মেক্সিকো সিটি, জালিস্কো ও মনতেরেতে অনুষ্ঠিত ১৩টি ম্যাচকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ৪০ থেকে ৫০ লাখ কনডম বিতরণ করা হবে। এর বাইরে ফেডারেল স্বাস্থ্য বিভাগ আরও প্রায় ২০ লাখ কনডম সরবরাহ করবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই উদ্যোগ শুধু পণ্য বিতরণ নয়, বরং নিরাপদ আচরণ সম্পর্কে সচেতনতা তৈরির একটি বড় প্রচেষ্টা। দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রবেশপথ ও জনসমাগমস্থলে তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে, এখানে কনডমের পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া নাইটক্লাব, বার, রেস্তোরাঁ এবং ফ্যান ফেস্টিভ্যাল এলাকাতেও এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবার তথ্যও প্রচার করা হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরগুলোতে সাময়িক সম্পর্কের হার বৃদ্ধি পায়, ফলে যৌনবাহিত রোগের ঝুঁকিও বাড়ে। এই বাস্তবতা মাথায় রেখেই বিশ্বকাপ ঘিরে স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কানাডাও যৌনস্বাস্থ্য সচেতনতা বাড়াতে আলাদা কর্মসূচি চালাচ্ছে। টরন্টোসহ বিভিন্ন শহরে বিশ্বকাপ-থিমভিত্তিক কনডম ও অন্যান্য প্রতিরোধমূলক সামগ্রী বিনামূল্যে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র। অতীতেও বিশ্বকাপকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ দেখা গেছে—২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রায় এক কোটি কনডম বিতরণ করা হয়েছিল, ২০১৪ সালে ব্রাজিলে বিতরণ হয় প্রায় ৩৫ লাখ।
সূত্র: এল সোল দে মেক্সিকো, রয়টার্স
