মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চা-বাগানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম
গ্রেপ্তারকৃত মো. জসিম মিয়া
expand
গ্রেপ্তারকৃত মো. জসিম মিয়া

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। অপর এক আসামি এখনও পলাতক রয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৩ মার্চ) রাতে মাধবপুর বাজার এলাকা থেকে মো. জসিম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার অন্যতম অভিযুক্ত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই দিন বিকেলে ভুক্তভোগী তরুণী তার এক পরিচিত যুবককে সঙ্গে নিয়ে সুরমা চা-বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বাগানের ভেতরে হাঁটাহাঁটির সময় দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ‘ডাকাত’ বলে ধাওয়া করে। এ সময় সঙ্গে থাকা যুবকটি ভয়ে দৌড়ে পালিয়ে যান।

পরে অভিযুক্তরা তরুণীর মুখ চেপে ধরে বাগানের নির্জন স্থানে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে তারা তাকে মারধর করে কানে থাকা প্রায় ২৫ হাজার টাকা মূল্যের সোনার দুল ছিনিয়ে নেয়।

এদিকে ভুক্তভোগীর সঙ্গী বিষয়টি পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। পরে তরুণীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল সংলগ্ন এলাকা থেকে মো. জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ভুক্তভোগীর ছিনিয়ে নেওয়া সোনার দুল উদ্ধার করা হয়েছে।

অন্য অভিযুক্ত মো. শাহীন মিয়া পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক ধর্ষণ মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন