মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম
মাহদী হাসান
expand
মাহদী হাসান

বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

জানা যায়, গত ৮ মার্চ এক আইনজীবীর মাধ্যমে লন্ডনে অবস্থিত ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (BBC)-এর মহাপরিচালক এবং ঢাকায় বিবিসি বাংলা নিউজের প্রধান সম্পাদকের কাছে এ আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিবিসি বাংলা একটি প্রতিবেদনে মাহদী হাসানের বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে তার কাছে প্রায় ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ কিছু তথ্য তুলে ধরা হয়। মাহদী হাসান এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন।

তিনি অভিযোগ করেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত ওই প্রতিবেদন তার ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এ কারণে তিনি বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছেন।

আইনি নোটিশে আরও বলা হয়, মাহদী হাসান নিজেকে ২০২৪ সালের জুলাই বিপ্লবের একজন সামনের সারির কর্মী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের হবিগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে দাবি করেছেন। তার অভিযোগ, বিবিসি বাংলা নিউজে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনে তার সম্পর্কে ভুল ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা ও প্রয়োজনীয় সংশোধন করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে বিবিসি বাংলার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup