শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম
মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি
expand
মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি

নির্বাচনী আচরণবিধি পরিপন্থী কার্যক্রমের অভিযোগে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ সতর্কবার্তা দেওয়া হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘THE SPEECH’ নামক একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে তার নির্বাচনী প্রতীক ‘মোমবাতি’র পক্ষে ভোট প্রার্থনা করেন।

যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮-এর পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ অবস্থায় নির্বাচন-পূর্ব সময়ে আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

নোটিশে আরও সতর্ক করে বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে গিয়াস উদ্দিন তাহেরির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup