মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে কলেজের ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৯:৫৮ এএম
expand
টঙ্গীতে কলেজের ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কলেজ ভবনের ছাদ থেকে পড়ে জান্নাতুল মার্জান (১৭) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল মার্জান টঙ্গীর গাজী বাড়ী এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় এবং ওই কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই জান্নাতুল মার্জান মানসিক সমস্যায় ভুগছিলেন। তার বাবা দেলোয়ার হোসেন জানান, দুই বছর বয়সেও তার মেয়ে কথা বলতে পারত না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কথা বলতে পারলেও মানসিক সমস্যাও ধীরে ধীরে বৃদ্ধি পায়। এ জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে চিকিৎসাও করানো হয়।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “দুপুর প্রায় ২টার দিকে ফোনে জানতে পারি, আমার মেয়ে ছাদ থেকে পড়ে গেছে এবং তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। এরপর উত্তরা শিফ ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় পরীক্ষা চলছিল। হলে প্রশ্নপত্র ও কাগজ বিতরণের সময় জান্নাতুল মার্জান কক্ষ থেকে বের হয়ে যায়। পরে সে ভবনের ছয়তলার ছাদে উঠে সেখান থেকে নিচে পড়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন