বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যেখানে সরানো হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৪:০২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর তীব্র যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদি একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সায়দাবাদ বাস টার্মিনালটি ঢাকার বাইরে কাঁচপুরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বর্তমানে সায়দাবাদ টার্মিনালের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, আধুনিক বিশ্রামাগার এবং ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপনের কাজ দ্রুত গতিতে চলছে।

এছাড়া, সড়কের ওপর যানজট এড়াতে টার্মিনালের চারপাশের সব অবৈধ ও অনুমোদনহীন টিকিট কাউন্টার সম্পূর্ণ উচ্ছেদ ও সিলগালা করা হয়েছে।

এখন থেকে সব দূরপাল্লার বাসকে বাধ্যতামূলকভাবে কেবল টার্মিনালের ভেতর থেকেই যাত্রী ওঠাতে হবে। দূরপাল্লার বাসগুলোর জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন এলাকায় নির্মাণ করা হচ্ছে ‘ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনাল’।

কাঁচপুর ব্রিজ পার হয়ে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগস্থলের কাছাকাছি একটি সুবিধাজনক স্থানে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে। সড়ক বিভাগের দেওয়া প্রায় সাড়ে ১২ একর (১২ বিঘা) জমির ওপর এই বিশাল টার্মিনালটি তৈরি হচ্ছে।

সায়দাবাদ ও যাত্রাবাড়ী এলাকা থেকে দূরপাল্লার বাসগুলো সরিয়ে কাঁচপুরের এই নতুন টার্মিনালে নিয়ে আসা হবে। এটি পুরোপুরি চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬টি জেলার প্রায় ১১ হাজার বাসকে আর ঢাকা শহরে প্রবেশ করতে হবে না।

বাসগুলো সরাসরি কাঁচপুর থেকেই যাতায়াত করতে পারবে, যা রাজধানীর প্রবেশমুখের যানজট বহুলাংশে কমিয়ে আনবে এবং নগরবাসীর যাতায়াত আরও স্বস্তিদায়ক করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন