

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নয়দিনের প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে তিনি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে উপজেলার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে,বর্তমান সরকারের আমলে তা আর চলতে দেওয়া হবে না। পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোথাও সুইসগেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকলে, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে অনিন্দ্য ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। একই সঙ্গে কৃষি, মৎস্য,গবাদিপশু এবং বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
এ সময় কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার সাজিদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আল-আমিন বিশ্বাস'সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।