বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে চার জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় তল্লাশির পর পানির নিচ থেকে ট্রলারটি উদ্ধার করে তীরে আনা হলে এর ভেতরে আটকে থাকা চার জেলের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে উদ্ধারকারীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার সময় ট্রলারে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে উদ্ধারকারী দল ডুবে যাওয়া ট্রলারটি তীরে নিয়ে এলে একে একে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (১৮), আবুল কাশেমের ছেলে মো. করিম (২০), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২৩) এবং আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল উদ্দিন (৪৫)। এছাড়া পেকুয়া উপজেলার নাছির উদ্দিন (১৮) নামে আরও একজন জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন 'এফবি ফকিরা মসজিদ' নামে একটি ফিশিং ট্রলার ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। দিনের কোনো এক সময় বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের মধ্যে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। ট্রলারডুবির খবর পেয়ে আশপাশে মাছ ধরা অন্য ট্রলার ও স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাদের চেষ্টায় সাত জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ হন। পরে বিকেল ৪টার দিকে তল্লাশি চালিয়ে সাগরের তলদেশে ডুবে থাকা ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়।

এরপর উদ্ধারকারী দল বিশেষ প্রচেষ্টায় ট্রলারটি পানির নিচ থেকে তুলে তীরে নিয়ে আসে। রাত ৮টার দিকে ট্রলারের ভেতর তল্লাশি চালিয়ে আটকে থাকা চার জেলের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ট্রলার ডুবে যাওয়ার পর তারা বের হতে না পেরে ভেতরেই আটকা পড়ে মারা যান।

কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া চারজনই কুতুবদিয়ার অমজাখালী এলাকার বাসিন্দা। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, নিখোঁজ অপর জেলেকে উদ্ধারে কোস্টগার্ড, স্থানীয় জেলে ও সংশ্লিষ্টদের সমন্বয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে ট্রলারডুবির খবরে নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। নিখোঁজ জেলের পরিবারও শেষ আশায় উদ্ধার অভিযানের দিকে তাকিয়ে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup