

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস মহাসড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। সোমবার রাতে তারা সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে বরিশাল থেকে রওনা দেন। রাত সাড়ে চারটার দিকে একটি বাস জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত শিক্ষার্থীদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ৯ জনকে ঢাকায় পাঠানো হয়।
আহত শিক্ষার্থীদের মধ্যে যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা রয়েছেন।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে। বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


