

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লায় আগামী ১৮ আগস্ট থেকে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতিতে অবস্থান করছে। অভিযানের আগে কোনো মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করলে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে মাদক ব্যবসায়ী, ডিলার ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরের টাউন হল মাঠে মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জাকারিয়া তাহের সুমন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। কিন্তু এই সুযোগ গ্রহণ না করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে শিক্ষার্থীদের ‘মাদককে না বলি’ শপথবাক্য পাঠ করান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।
সমাবেশে কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তার ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে টাউন হল মাঠ থেকে মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

