

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার লাকসামে বৃক্ষরোপণ কর্মসূচির সময় বিএনপির এক নেতাকে প্রকাশ্যে লাথি মারার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম। ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে জেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বৃক্ষরোপণের পর একটি চারাগাছে পানি দেওয়ার পর সেই পানিতেই হাত ধুচ্ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হোসেন মিলন। এ সময় উপস্থিত লোকজনের সামনে এমপি আবুল কালাম তাকে পা দিয়ে আঘাত করেন। ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
জানা গেছে, গত ৪ জুলাই লাকসামে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ঘটনা ঘটে। তবে সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। মো. অলিউল্লাহ নামে একজন লিখেছেন, এই ভদ্রলোককে অনেক ভালোবাসতাম ও পছন্দ করতাম। এমপি হয়ে গেছেন, তাই পা আর মাটিতে লাগে না। এখনো সময় আছে, এমপি সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করুন।
মোহাম্মদ ইকবাল হোসেন নামে আরেকজন মন্তব্য করেন, ‘যে দলের নেতারা নিজেদের দলের নেতাদেরই সম্মান করেন না, এভাবে অসম্মান করেন, তারা বিরোধী দলের সঙ্গে কী আচরণ করবেন, তা স্বাভাবিকভাবেই অনুমেয়।
এ বিষয়ে আবুল হোসেন মিলন বলেন, এমপি আমাকে অনেক ভালোবাসেন। গাছ লাগানোর পর পানি দেওয়ার সময় আমার হাত গাছের নিচে ছিল। তিনি পা দিয়ে হাত সরিয়ে নিতে ইঙ্গিত করেছেন। এর বেশি কিছু না। পরে আমরা তাঁর গাড়িতে করেই দাওয়াতে গেছি। বিষয়টি নিয়ে লেখালেখি না করলেই ভালো হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আবুল কালামকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো উত্তর পাওয়া যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে। তবে এ বিষয়ে সংসদ সদস্যের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।