

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার মুরাদনগরে ব্যক্তিগত গাড়িতে রাখা বাজারের ব্যাগ থেকে ২ লাখ টাকা উদ্ধারের ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় স্থনীয়দের সন্দেহের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
আটক মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দিতে আসার পর হাবীবুর রহমানের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাঁর গাড়ি তল্লাশি করেন। গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগের ওপর পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ছিল এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল। সেখান থেকে মোট ২ লাখ টাকা পাওয়া যায়। বিষয়টি জানানো হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান বলেন, সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। তাঁকে টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা হয়নি। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখবেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, ঘটনার কথা এখনই জেনেছি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।