

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আফ্রিকায় ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবের পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিনটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে ওই দেশগুলো থেকে ভিসা প্রদান ও প্রবেশাধিকারও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি কর্তৃপক্ষ জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে কোনো নাগরিককে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।
এছাড়া, সৌদি আরবে প্রবেশের আগে গত ২১ দিনের মধ্যে যদি কেউ এই তিন দেশের কোনো একটিতে অবস্থান করে থাকেন বা সেসব দেশের মাধ্যমে ট্রানজিট নিয়ে আসেন, তাদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
দেশটির পাবলিক হেলথ অথরিটি ‘ওয়াকায়া’ জানিয়েছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত পর্যায়ে স্বাস্থ্য নজরদারি ও স্ক্রিনিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
তবে সংস্থাটি জানিয়েছে, রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো-ব্রাজাভিল থেকে আসা যাত্রীদের জন্য অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষাসহ উন্নত প্রতিরোধমূলক ব্যবস্থা চালু করা হয়েছে, যেসব দেশে ইবোলা সংক্রমণের ঝুঁকি রয়েছে।
ওয়াকায়া আরও জানায়, সৌদি আরবের বর্তমান জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং ২০১৯ সালের পর থেকে দেশে কোনো ইবোলা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।
কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আরও কঠোর স্বাস্থ্য ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রথম ইবোলা শনাক্ত হয়। অত্যন্ত সংক্রামক এই রোগে মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে এবং এখন পর্যন্ত এতে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
