সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী, যে দলের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১১:০৭ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ফিফা বিশ্বকাপ এলেই নানা ধরনের পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। এবার আলোচনায় উঠে এসেছেন জার্মান অর্থনীতিবিদ ও গবেষক জোয়াকিম ক্লেমেন্ট।

২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার দাবি করা এই গবেষক এবার ২০২৬ বিশ্বকাপ নিয়েও দিয়েছেন চমকপ্রদ এক ভবিষ্যদ্বাণী।

ক্লেমেন্টের পূর্বাভাস অনুযায়ী, নকআউট পর্বের দ্বিতীয় রাউন্ডেই জাপানের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

সূচি অনুযায়ী, আগামী ২৯ জুন হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ জাপান। ক্লেমেন্টের গাণিতিক মডেল বলছে, এই ম্যাচে জয় তুলে নিয়ে শেষ ষোলো থেকে ব্রাজিলকে বিদায় করবে হাজিমে মোরিয়াসুর শিষ্যরা।

নিজের গবেষণায় প্রচলিত ফুটবল পরিসংখ্যানের পাশাপাশি বেশ কিছু ভিন্নধর্মী সূচকও ব্যবহার করেন ক্লেমেন্ট। তার মডেলে মাথাপিছু জিডিপি, দেশের জনসংখ্যা, আবহাওয়ার তাপমাত্রাসহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচক যুক্ত করে সম্ভাব্য ফলাফল নির্ধারণ করা হয়।

চলতি বছরের ৯ এপ্রিল প্রকাশিত তার গবেষণাপত্রে আরও দাবি করা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে শিরোপা জিতবে নেদারল্যান্ডস।

তবে ক্লেমেন্টের সব পূর্বাভাস যে শতভাগ নির্ভুল, তা নয়। নকআউট পর্বের চূড়ান্ত সূচি প্রকাশের পর তার কয়েকটি হিসাব ইতোমধ্যে ভুল প্রমাণিত হয়েছে। উদাহরণ হিসেবে তিনি দ্বিতীয় রাউন্ডে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন। কিন্তু দুই দলই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করায় সেই ম্যাচের আর সুযোগ নেই।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া-হার্জেগোভিনার নকআউটে ওঠার সম্ভাবনাও তার মডেলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি।

তবে এখন পর্যন্ত তার পূর্বাভাসের সঙ্গে মিল থাকা সম্ভাব্য দুটি নকআউট ম্যাচ হলো ব্রাজিল-জাপান এবং নেদারল্যান্ডস-মরক্কো। এই দুটি ম্যাচই বিশ্বকাপের নকআউট সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যদিও ক্লেমেন্টের বিশ্লেষণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, তবুও এগুলো কেবল পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস। মাঠের ৯০ মিনিটের লড়াইই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ব্রাজিল, জাপান কিংবা অন্য কোনো দলের ভাগ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন