

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ওমান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সশস্ত্র দুর্বৃত্তরা ঘরের দরজা-জানালা কেটে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এ সময় ঘরে অবরুদ্ধ হয়ে পড়া দুই নারী কৌশলে জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
বুধবার (১৫ জুলাই) ভোররাতে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আক্রান্ত পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ও মুখোশধারী সশস্ত্র দল দুবাই প্রবাসী রিদুয়ানের বাড়িতে চড়াও হয়। কোনো প্রতিবেশী যেন তাৎক্ষণিক সহায়তায় এগিয়ে আসতে না পারে, সেজন্য দুর্বৃত্তরা প্রথমেই আশপাশের ঘরগুলোর দরজা বাইরে থেকে অবরুদ্ধ করে দেয়।
পরবর্তীতে তারা গ্রাইন্ডার মেশিন ব্যবহার করে প্রবাসীর পাকা বসতঘরের দরজা ও জানালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা প্রবাসীর মা রেনু আকতার ও প্রবাসীর স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে প্রাণভয়ে ওই দুই নারী পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন এবং সেখান থেকেই কৌশলে ৯৯৯-এ কল করে পুলিশের জরুরি সহায়তা চান।
ভুক্তভোগী রেনু আকতার জানান, দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এমনকি তারা ঘরের ভেতরের ইটের দেয়ালও ভাঙচুর করে।
এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, "ভোররাতে ৯৯৯ থেকে বার্তা পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ দুই নারীকে উদ্ধার করে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"