

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায় হলেও তিনি মসজিদের সংলগ্ন কক্ষেই বসবাস করতেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, ঘটনার দিন আসরের নামাজ তিনি যথারীতি আদায় করান। তবে মাগরিব ও এশার নামাজে তাকে না পেয়ে প্রথমে ধারণা করা হয়, তিনি কোথাও গেছেন। পরে দীর্ঘ সময় তাকে না দেখে দ্বিতীয় তলায় তার কক্ষে খোঁজ করা হয়, কিন্তু দরজা তালাবদ্ধ পাওয়া যায়।
একপর্যায়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে সবুজ কাপড় গলায় পেঁচানো অবস্থায় তার নিথর দেহ ঝুলছে। নিচে একটি মই পড়ে ছিল। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে পারিবারিক কলহের বিষয় উল্লেখ ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আমির হোসেন অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। দীর্ঘদিন ইমামতি করার সুবাদে এলাকাবাসীর সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠেছিল।
এদিকে মৃত্যুর আগে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসও দেন তিনি। সেখানে লেখা ছিল, “যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।