বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি কলেজে সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়া শিবির নেতা বহিরাগত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম
আশরাফুল ইসলাম
expand
আশরাফুল ইসলাম

চট্টগ্রাম সিটি কলেজ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আশরাফুল ইসলাম নামে এক শিবির নেতার পায়ের গোড়ালি কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সংঘর্ষ চলাকালীন একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আশরাফুলের পায়ের রগ কেটে যায় এবং গোড়ালি শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তার ক্ষতবিক্ষত অবস্থার ভয়াবহ চিত্র দেখা গেছে।

আহত আশরাফুল ইসলাম চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী নন। তিনি চট্টগ্রামের পাহারতলী থানার ১২ নম্বর উত্তর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

তার পৈত্রিক নিবাস কুমিল্লায় হলেও তিনি বর্তমানে চট্টগ্রামের সরাইপাড়া এলাকায় বসবাস করেন। শিক্ষাগত জীবনে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসিটিসির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রাথমিক তথ্যানুযায়ী, আশরাফুল বহিরাগত হিসেবে সিটি কলেজের ওই সংঘর্ষে অংশ নিয়েছিলেন এবং সেখানে হামলার শিকার হন। বহিরাগত শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানোর বিষয়টি নিয়েও অনেকে প্রশ্ন তুলছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল আলম জয় বলেন,‘তার পায়ের জখম খুব গুরুতর। এর মধ্যে একটি বেসরকারি হাসপাতালে অপারেশন সম্পন্ন হয়েছে।’

আশরাফুল কোথায় পড়ালেখা করছে জানতে চাইলে তিনি অনার্সের ছাত্র বলে জানালেও প্রতিষ্ঠান ও বিভাগ সম্পর্কে জানাতে পারেননি।

তবে শিবিরের দায়িত্বশীল অন্য একজন নেতা নিশ্চিত করেছেন আশরাফুল সিটি কলেজের ছাত্র নন। তিনি ইউসিটিসি বিশ্ববিদ্যালয়ে ছাত্র।

উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে। এখন পর্যন্ত এই নৃশংস হামলার ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন