

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের সীতাকুণ্ডে নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে যৌথ বাহিনীর উদ্যোগে একটি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, মহাসড়ক সংলগ্ন এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়। যৌথ বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আয়োজিত এই মহড়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি প্রদর্শন করা হয়।
মহড়ার মাধ্যমে ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় দায়িত্বরত কর্মকর্তা মেজর মো. ফাহিম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো মহল যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য যৌথ বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের নিরাপত্তা মহড়া তাদের মধ্যে সাহস ও স্বস্তি জাগাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এবারকার নির্বাচন আগের চেয়ে আরও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
