

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আকতার হোসেন।
এর মধ্য দিয়ে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান মুখপাত্র এন এম নাসিরুদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদে পদায়ন করা হয়। এর আগে গত ২৮ মার্চ ডিএমপির উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিনকে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র করা হয়েছিল।
কার্যালয় আদেশ অনুযায়ী, উপ-কমিশনার মো. আকতার হোসেনকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি ডিএমপির উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে একই আদেশে উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ দুই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ নগর পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করে।


