

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের কর্ণাটকে মন্দিরে দায়িত্ব পালনরত এক নারী পুলিশ কর্মকর্তাকে চড় মারার অভিযোগ উঠেছে এক বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে। পরে ওই নারী পুলিশ কর্মকর্তাও তাকে পাল্টা থাপ্পড় দেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়েছে।
ঘটনাটি গত ১২ আগস্ট কর্ণাটকের মান্ডিয়া জেলার আরাথি উক্কাদা মন্দিরে ঘটে। ওই দিন মন্দিরে বিশেষ নিরাপত্তার দায়িত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর সবিতা বি।
পুলিশের অভিযোগ, মন্দিরে দর্শনের জন্য অপেক্ষা করা নিয়ে সবিতার সঙ্গে ঐশ্বরিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঐশ্বরিয়া ওই নারী পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ করেন এবং চড় মারেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কথা-কাটাকাটির একপর্যায়ে ঐশ্বরিয়া পুলিশ কর্মকর্তার মুখে চড় মারছেন। এর পরপরই সবিতাও তাকে পাল্টা থাপ্পড় দেন। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্যসহ কয়েকজন এগিয়ে এসে দুজনকে আলাদা করার চেষ্টা করেন।
অভিযুক্ত ঐশ্বরিয়া তুমাকুরু রুরাল আসনের বিজেপি বিধায়ক বি. সুরেশ গৌড়ার মেয়ে। তিনি সহকারী পুলিশ কমিশনার (এসিপি) গৌতমের স্ত্রী বলেও জানা গেছে।
ঘটনার পর ঐশ্বরিয়ার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় সরকারি কর্মীকে দায়িত্ব পালনে বাধা দিতে হামলা বা অপরাধমূলক শক্তি প্রয়োগ, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে।
তবে ঐশ্বরিয়াও পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। তার দাবি, ওই নারী পুলিশ কর্মকর্তা তাকে গালিগালাজ করেছেন।
মান্ডিয়ার পুলিশ সুপার মাল্লিকার্জুন বালাদান্ডি জানিয়েছেন, দুই পক্ষের অভিযোগই তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে


