বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি: সংগৃহীত
expand
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার আত্মীয়’ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, নতুন সরকারের তথ্যমন্ত্রী হিসেবে তিনি মন্ত্রণালয়ে বসেছেন, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়। এছাড়া এমন প্রসঙ্গ তোলায় সাংবাদিককে আরও ‘পেশাদার’ আচরণ করার পরামর্শও দেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি জানাতে সচিবালয়ে এই সংবাদ সম্মেলনে এসেছিলেন তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।

এক সাংবাদিক এ সময় প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদির খুনিদেরও ফেরত দেয়ার জন্য বলেছে। কোনো আপডেট আছে কি না? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?’

জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছিলাম, আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে। তার আত্মীয় হিসেবে নয়। আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।”

তখন উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘আপনি তো উনার বহুবছরের একটা...উনি কার সাথে ছিলেন, কী করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড। ইজন্ট ইট?’

আন্দালিভ রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী। জাতীয় পার্টি বিভক্ত হলে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নামে একটি অংশের নেতৃত্বে আসেন মঞ্জু। ২০০৮ সালে তার মৃত্যুর পর দলের হাল ধরেন পার্থ।

তার মা রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। পার্থ বিয়ে করেছেন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের বড় মেয়ে শেখ সায়রা রহমানকে। পারিবারিক এই সম্পর্ক সূত্রে শেখ হাসিনা তার ফুফু হন।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন। আমরা জানি এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে, যে কন্ডিশনগুলো দেয়া হয়েছে, এবং আমি যেটা জানি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় লিখেছে, এ ব্যাপারটা নাকি উনারা এখন আদালতের মাধ্যমে করবে।’

‘সেক্ষেত্রে আমার কাছে মনে হয়, উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার এখন পলিটিক্যালি ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা এখন জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছে। আমার মনে হয় এই সংবাদটা উনার জন্য খুব একটা সুখকর হবে না।’

শেখ হাসিনাসহ মামলার আসামি প্রত্যেককে ফিরিয়ে আনার আশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের তো দাবি একটাই; সেটা হলো, শুধু উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সব কিছু। বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, এই জুলাই আন্দোলন থেকে শুরু করে এর আগেও যে ঘটনাগুলো, সেগুলোর সঠিক বিচার হোক।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন