বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিনিয়র সহকারী সচিব মনিরুজ্জামান বরখাস্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মনিরুজ্জামানকে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ মনিরুজ্জামান জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৮ অক্টোবর তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। এরপর ৩১ অক্টোবর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে অবমুক্ত করা হয়। তবে ২০২৪ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেননি বলে বিভাগীয় কমিশনার জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানান।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনে তাকে বদলি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখানেও তিনি যোগদান করেননি।

এ ঘটনায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ২০২৪ সালের ১ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

বিভাগীয় তদন্তে অভিযোগ দুটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হলে কমিশনও তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে। এর পরিপ্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি বরখাস্তের সিদ্ধান্তে সম্মতি দেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(৩)(ঘ) অনুযায়ী গুরুদণ্ড হিসেবে পলায়নের তারিখ ২০২৪ সালের ১ নভেম্বর থেকে মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন