শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে পল্লী বিদ্যুৎ সমিতির ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে মো. ইউসুফ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে উপজেলার রাঢ়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ইউসুফ উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা। তাঁর সঙ্গে থাকা মো. শামীম ও মো. আফজালকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে ইউসুফ ও তাঁর দুই সহযোগী রাঢ়িকান্দি এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে ওঠেন। সেখানে থাকা ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে তাঁরা ঘটনাস্থলে জড়ো হন।

একপর্যায়ে তিনজন খুঁটি থেকে নেমে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ইউসুফকে ধরে ফেলেন। তবে শামীম ও আফজাল দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। পরে উত্তেজিত জনতা ইউসুফকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে, মতলব উত্তর উপজেলায় ধারাবাহিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী রাকিব হোসেন জানান, গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়া এসব ট্রান্সফরমারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রতিটি ঘটনায় থানায় পৃথক মামলা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও গ্রাহকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সর্বশেষ চুরির চেষ্টার ঘটনায় একজন আটক হওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও পলাতক সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, স্থানীয় জনতা ইউসুফকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর সঙ্গে থাকা আরও দুজনের নাম বলেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় মতলব উত্তর থানায় এ পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank