সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে নারীর পেট থেকে ৪.৮ কেজির টিউমার অপসারণ

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৯ এএম আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫৫ এএম
ছবি : সংগৃহীত।
expand

চাঁদপুরের শাহরাস্তিতে বড় আকারের টিউমার অপসারণে আবারও সফলতার খবর দিয়েছেন আলোচিত সার্জন ডা. মো. আরিফ উল হাসান। এবার ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি অপসারণ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের ওই নারী প্রায় তিন মাস ধরে পেটে ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হলে শুক্রবার বিকেলে সফলভাবে টিউমারটি অপসারণ করা হয়।

অস্ত্রোপচারে ডা. আরিফ উল হাসানকে সহযোগিতা করেন সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখি ও ডা. মোহাম্মদ জিলানী। অ্যানেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. পান্না লাল সাহা।

অস্ত্রোপচারের পর রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ডা. মো. আরিফ উল হাসান জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল।

তিনি আরও জানান, বিভিন্ন কারণে এর আগে ওই রোগীর পেটে চারবার অস্ত্রোপচার করা হয়েছিল। এবারের অস্ত্রোপচারটি ছিল তাঁর পঞ্চম অপারেশন।

বড় টিউমার অপসারণে ধারাবাহিক সাফল্য

ডা. আরিফ উল হাসানের জন্য বড় আকারের টিউমার অপসারণের ঘটনা এবারই প্রথম নয়।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে একই হাসপাতালে ৪৫ বছর বয়সী এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করেন ডা. আরিফ উল হাসান। চলতি বছরের জুনে ২২ বছর বয়সী আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমারও অপসারণ করেন তিনি। সর্বশেষ শুক্রবার ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার অপসারণের মাধ্যমে তাঁর তৃতীয় বড় টিউমার অস্ত্রোপচার সম্পন্ন হলো।

এ ছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করে দিয়েও আলোচনায় এসেছিলেন এই সার্জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank