রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওস্তাদদের দোয়া নিয়েছি, আমাদের মধ্যে সমঝোতা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

এর আগে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশ করে এনসিপি। সন্ধ্যা ৬টার দিকে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহ ও মাওলানা আশরাফ উদ্দিন মাহদী।

বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক ও শ্রদ্ধা রয়েছে। আমরা একসঙ্গে জুলাই আন্দোলন করেছি। ওস্তাদরা আমাদের তালেব মনে করেন। অনেক আলেম আমাদের দুঃখ প্রকাশ করতে বলেছেন। দুঃখ প্রকাশ করলে কেউ ছোট হয় না। তাই আমরা এখানে এসেছি, দুঃখ প্রকাশ করেছি এবং ওস্তাদদের দোয়া নিয়েছি। আমাদের মধ্যে সমঝোতা হয়েছে।’

তিনি বলেন, ‘ছাত্র ভাইয়েরা দাবি জানিয়েছেন, হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে যেন সঠিক তথ্য আবার সংসদে উপস্থাপন করেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অনেকে বাইরে থেকে উল্লাস করছেন। তাদের বলব, এটা আমাদের ঘরের সমস্যা। এর সমাধান হয়েছে। ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি পুলিশ ও মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মূল বিষয় ছিল, মাদ্রাসাছাত্ররা পুলিশ লাইন্সে গানের অনুষ্ঠান বন্ধ করেনি। বরং পুলিশ ৩০ জন মাদ্রাসাছাত্রকে আহত করেছে।’

বৈঠকে মাদ্রাসার পক্ষ থেকে উপস্থিত মুহতামিম মুফতি মোবারক উল্লাহ, সিনিয়র শিক্ষক মাওলানা আলী আকবর এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা খালেদ সাইফুল্লাহসহ নেতৃবৃন্দরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন