রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তারের পর দলীয় পদও হারালেন সেই ছাত্রদল নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

এবার দলীয় পদও হারালেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্রদল নেতা মো. ছাব্বির আলম। তিনি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তিনি শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী।

অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতা মো. ছাব্বির আলম উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার আমির হোসেনের ছেলে।

দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেলের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ছাব্বির আলমকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী জানান, ‘সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. ছাব্বির আলমকে সরকারি কাজে বাধা দেওয়ার মামলাসহ তিনটি মামলায় গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন