রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির প্রতিবাদ করায় নিজদলের কর্মীর হাতে যুবদল নেতা খুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম
নিহত ফজলুল আমিন
expand
নিহত ফজলুল আমিন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে সড়কে ভাসমান ভ্যান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে ফজলুল আমিন নামে এক যুবদল নেতাকে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত ফজলুল আমিন চট্টগ্রাম মহানগরীর ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চান্দগাঁও থানার ওমর আলী মাতবর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলায় মো. শাহজাহান নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, শাহজাহান নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন। মামলায় স্থানীয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

নিহতের ছেলে জোবায়ের হক ইনান বলেন, স্থানীয় একটি স্কুলের সামনে ভ্যানে দোকান বসানোর কারণে শিক্ষার্থী ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। কয়েকদিন আগে এলাকাবাসী বৈঠক করে সেখানে দোকান না বসানোর সিদ্ধান্ত নেয়।

তবে শুক্রবার আবার স্কুলের সামনে রিকশাভ্যান নিয়ে দোকান বসানো হয়। ইনান জানান, ভ্যান বসানোর নামে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় নিজদলের কর্মী হিসেবে পরিচিত মো. শাহজাহান ও তার ছেলে সিফাতের সঙ্গে ফজলুল আমিনের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে তাকে ধাক্কা ও ঘুষি মারা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের আরও অভিযোগ, ওই এলাকায় রিকশাভ্যানে দোকান বসানোর মাধ্যমে চাঁদাবাজি করা হয়। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) কাজী মো. বিধান আবিদ জানান, ওমর আলী মাতবর সড়কে ফজল আমিনকে ধাক্কা দেওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি বলেন, হয়তো আগে থেকেই তার শারীরিক দুর্বলতা বা কোনো অসুস্থতা ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সড়কে রিকশাভ্যান বসিয়ে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তা জানান, রাস্তায় রিকশাভ্যান না বসাতে ফজল আমিন নিষেধ করেছিলেন বলে তারা জানতে পেরেছেন। তবে সেখানে চাঁদাবাজি হতো কি না, তা এখনো নিশ্চিত নয়।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, ফজলুল আমিন সংগঠনের ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। ওমর আলী মাতবর সড়কে রাস্তায় রিকশাভ্যান বসানো নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধের কথা তারা শুনেছেন।

অভিযুক্ত শাহজাহানের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। অপরাধ হলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হচ্ছে কি না, সেটাই জরুরি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন