রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ভাইরাল হানিয়া আমিরের ভিডিও, সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পাকিস্তানে সাম্প্রতিক কয়েকটি মর্মান্তিক ঘটনায় যখন শোক ও ক্ষোভের আবহ, ঠিক সেই সময়ে নাচের একটি ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী হানিয়া আমির।

২০ মিলিয়নের বেশি অনুসারী থাকা হানিয়া সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করেন। খোলা ছাদের একটি গাড়িতে বসে কফি পান করার পাশাপাশি সেখানে নাচতে দেখা যায় তাকে। পাকিস্তান ক্রিকেট দলের ট্যাংক টপ ও কালো ট্রাউজার পরা হানিয়ার চুল ছিল ছোট, মেকআপ ছিল হালকা। ভিডিওতে ব্যবহার করা হয়েছে তাহা জির ‘গালতি সে’ গানটি।

ভিডিওটির সঙ্গে হানিয়া লিখেছেন, ‘গড ব্লেস দ্য কুলেস্ট গার্লস অন দ্য করাচি রোডস।’

ভিডিও প্রকাশের পরই শুরু হয় আলোচনা। পাকিস্তানে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় যখন সাধারণ মানুষের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে, তখন এমন আনন্দঘন ভিডিও প্রকাশ করায় হানিয়ার সমালোচনা করেন অনেকে।

সমালোচকদের কেউ কেউ ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) আগুনের ঘটনায় ১৪ নবজাতকের মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন। একজন মন্তব্য করেন, ‘আপনার দেশে ১৪টি শিশু পুড়ে মারা গেল এবং আপনি এমন পোস্ট করছেন।’

আরেকদল অনুসারী শিশুদের ওপর সহিংসতাসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে কথা বলতে হানিয়াকে তার জনপ্রিয়তা কাজে লাগানোর আহ্বান জানান। তাদের মতে, পাকিস্তানের অন্যতম পরিচিত তারকা হিসেবে সামাজিক ও জাতীয় সংকটের সময় হানিয়ার মতো ব্যক্তিত্বদের নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আনা উচিত।

তবে এই সমালোচনার বিপরীত মতও দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ মনে করেন, জাতীয় সংকটের সময়ও একজন তারকা নিজের ব্যক্তিগত জীবনের স্বাভাবিক মুহূর্ত ভাগ করে নিতে পারেন। এ নিয়ে তারকা ও জনপরিচিত ব্যক্তিদের সামাজিক ইস্যুতে কতটা সক্রিয় থাকা উচিত, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

হানিয়া আমির পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যম—দুই জায়গাতেই তার বড় অনুসারীভিত্তি রয়েছে। ‘দিল রুবা’, ‘সাং-এ-মাহ’, ‘কভি ম্যায় কভি তুম’, ‘ইশকিয়া’, ‘মেরে হামসাফার’ ও ‘মুঝে পেয়ার হুয়া থা’র মতো আলোচিত নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘ফানা’ নামের একটি নতুন প্রকল্পে কাজ করছেন এই অভিনেত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন