বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফাঁস, এসআই ক্লোজড

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিভাগ এ ব্যবস্থা নেয়।

জানা গেছে, উপজেলার জোড়শিমুল গ্রামের এক দিনমজুরের ছেলে প্রায় ছয় মাস আগে কান্তনগর গ্রামের মাহমুদুল ও ঝাঝর গ্রামের আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। বিদেশে পাঠানোর নামে ওই দুই ব্যক্তি তার পরিবারের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা নেন। তবে সৌদি আরবে পৌঁছানোর পর ওই যুবককে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া হয়নি। ফলে মানবেতর অবস্থায় দিন কাটাতে থাকেন তিনি।

এ ঘটনায় প্রবাসীর মা গত ২১ জুন ধুনট থানায় মাহমুদুল ও আরিফুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ছেলের বিষয়ে কথা বলতে গেলে মাহমুদুল তাকে মারধরও করেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।

অভিযোগ রয়েছে, তদন্তের একপর্যায়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেন এসআই মোস্তাফিজার রহমান। স্বামীর বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি একাধিকবার তার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

পরবর্তীতে এসআই মোস্তাফিজার রহমান প্রবাসীর স্ত্রীকে একাধিকবার কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ ওঠে। এ সময় প্রবাসীর স্ত্রী কৌশলে তাদের কথোপকথন নিজের মুঠোফোনে রেকর্ড করে রাখেন।

পরে ওই অডিও ক্লিপের কয়েকটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছে। এর মধ্যে একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে রোববার গভীর রাতে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup