

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চরফ্যাশন উপজেলায় এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি, বসতঘরে তালা ঝুলানো এবং মারধরের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (২৯ জুলাই) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও থাই গ্লাস ব্যবসায়ী মো. ছালাম দীর্ঘদিন ধরে তার পৈতৃক ভিটায় বসবাস করে আসছেন। সম্প্রতি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বাদীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা বাদীর বসতঘরে তালা ঝুলিয়ে দেয় এবং তাকে মারধর করে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. ছালাম বলেন, "আসামিরা অন্যায়ভাবে আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তারা আমার বসতঘরে তালা মেরে আমাকে মারধর করেছে। ঘটনার পর আমাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাও নিতে দেওয়া হয়নি এবং থানায় গিয়ে মামলা করতে বাধা দেওয়া হয়েছে। বাধ্য হয়ে আমি আদালতের শরণাপন্ন হয়েছিলাম।"
এর আগে চলতি বছরের গত ২১ মে ভুক্তভোগী মো. ছালাম বাদী হয়ে ৩ জনকে আসামি করে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য দুই আসামি হলেন প্রধান আসামি আলমগীর মালতিয়ার দুই ছেলে মো. আরাফাত হোসেন মালতিয়া ও ফাহাদ হোসেন মালতিয়া।
উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে থাকা আসামিরা আজ নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে মূল আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সেখ মো. নাসীর উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিজ্ঞ জেলা জজ আদালত থেকে আসামি আলমগীর মালতিয়াকে পুলিশ হেফাজতে পাঠানো হলে পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।