বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের মুখে বরিশালের সিভিল সার্জন বদলি

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম
বরিশালের সিভিল সার্জন
expand
বরিশালের সিভিল সার্জন

আন্দোলনের মুখে সদ্য নিয়োগপ্রাপ্ত বরিশালের সিভিল সার্জন ডা. মো.মনিরুজ্জামানকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ৩০ জুলাইয়ের প্রজ্ঞাপনটি রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি আগামী ৩ আগস্টের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন থেকেই তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই ডা. মনিরুজ্জামান বরিশালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পরপরই একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন। তারা তাকে ‘দুর্নীতিবাজ’ ও ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে সিভিল সার্জনের অপসারণের দাবি জানান।

আন্দোলনের একপর্যায়ে বিক্ষোভকারীরা সিভিল সার্জনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং বিভিন্ন কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা পূর্বঘোষণা অনুযায়ী রবিবার সিভিল সার্জনের কার্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। তবে এর আগেই তাকে বদলির সিদ্ধান্ত কার্যকর হওয়ায় আন্দোলনকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন