

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোহারিকা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। গত কয়েকদিন ধরে তাকে বরিশাল-ঢাকা মহাসড়কের আশপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিলেন। তবে তার পরিচয় বা মানসিক অবস্থার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়ক দিয়ে চলাচলকারী কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই নারী আহত হয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় উদ্ঘাটন এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে। এ লক্ষ্যে আশপাশের থানাগুলোর নিখোঁজ ব্যক্তিদের তথ্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য কার্যক্রম চলমান রয়েছে।