বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি, সড়ক অবরোধে যান চলাচল বন্ধ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং বিভিন্ন দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর নথুল্লাবাদ বিআরটিসি কাউন্টার এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের উদ্দেশে যাত্রা করেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে নানা অসঙ্গতি, পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা করা হচ্ছে। এসব সমস্যার স্থায়ী সমাধান এবং কার্যকর শিক্ষা সংস্কারের দাবিতেই তারা এ কর্মসূচি পালন করছেন।

পরীক্ষা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দিলে আন্দোলনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ে। একপর্যায়ে তারা শিক্ষা বোর্ডসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নিলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শত শত গণপরিবহন, দূরপাল্লার বাস, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবি, সাম্প্রতিক পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি থাকায় তারা প্রত্যাশিতভাবে উত্তর দিতে পারেননি। এ সময় কয়েকজন পরীক্ষার্থী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় দ্রুত ও কার্যকর সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন।

এ সময় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবিগুলো শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup