মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল প্রবাসীর

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম
দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা
expand
দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা

স্ত্রীর দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামের হাচেন বেপারির ছেলে, সৌদি প্রবাসী শফিকুল ইসলাম (৪১)।

সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান চোকদার জানান, সকালে গৌরনদী থানা পুলিশ ২০২১ সালে দায়ের করা একটি পারিবারিক মামলায় শফিকুল ইসলামকে আদালতে হাজির করে। আদালত তাকে জামিন দিলে তিনি কোর্ট গারদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

দীর্ঘদিন সৌদি আরবে অবস্থানের পর ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরেছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামিম শেখ জানান, একটি ওষুধবাহী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত হন অন্তত তিনজন।

নিহতদের মধ্যে শফিকুল ইসলামের পাশাপাশি তার প্রতিবেশী মজিবুর ফরাজীর স্ত্রী রিজিয়া পারভিন (৫৪) ছিলেন।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার লিডার আব্দুল মালেক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন