বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের খবর শুনে টানা ২৫ দিন লাউ খেয়েছেন আরতি সিং

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম
আরতি সিং। ছবি : সংগৃহীত
expand
আরতি সিং। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দর ভাগ্নি এবং ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিং এর বিয়ের আগে দ্রুত ওজন কমানোর গল্প বেশ অদ্ভুত। তবে এই পদ্ধতিকে ঘিরে পুষ্টিবিদদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্নও।

বিয়ের প্রস্তুতির সময় নিজেকে রোগা দেখাতে আরতি এক অদ্ভুত ডায়েট অনুসরণ করেন। তিনি জানান, টানা ২৫ দিন প্রতিদিন রাতের খাবারে শুধু লাউ খেতেন। কোনো তেল-মসলা নয়, সামান্য লবণ ও ধনেপাতা দিয়ে সেদ্ধ করা লাউই ছিল তার একমাত্র রাতের খাবার। এক সাক্ষাৎকারে তিনি জানান, এই নিয়ম মেনেই তিনি মাত্র ২৫ দিনে প্রায় ৫ কেজি ওজন কমিয়ে ফেলেন।

আরতির মতে, বিয়ে জীবনের বিশেষ একটি মুহূর্ত, আর সেই দিনের ছবি ও ভিডিওতে নিজেকে সুন্দর করে উপস্থাপন করাই ছিল তার লক্ষ্য। তাই দ্রুত ফল পেতে এমন কঠোর ডায়েট বেছে নিয়েছিলেন তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কম ক্যালোরির ডায়েট সাময়িকভাবে ওজন কমাতে সাহায্য করলেও তা একদমই স্বাস্থ্যকর নয়। লাউ কম ক্যালোরিযুক্ত এবং পানিতে ভরপুর হওয়ায় ওজন কমাতে সহায়ক হতে পারে, কিন্তু শুধু এটিই খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

এছাড়া দ্রুত ওজন কমার পেছনে মূল কারণ হতে পারে শরীরের পানির পরিমাণ কমে যাওয়া। কার্বোহাইড্রেটের ঘাটতিতে শরীর পানি ধরে রাখতে পারে না, ফলে ওজন কমে যায় কিন্তু তা সবসময় চর্বি কমার ইঙ্গিত দেয় না। বরং এতে পেশি ক্ষয়, দুর্বলতা এবং ক্লান্তি বাড়তে পারে।

পুষ্টিবিদদের মতে, দীর্ঘদিন একই ধরনের খাবার খেলে শরীরে বিরূপ প্রভাব পড়ে। রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, আয়রন ও ভিটামিন বি১২ এর ঘাটতি, মাংসপেশি দুর্বল হয়ে পড়া এবং বিপাকক্রিয়া ধীর হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

সবচেয়ে বড় বিষয় হলো, এ ধরনের ডায়েট দীর্ঘমেয়াদে ধরে রাখা কঠিন। একঘেয়ে খাবারে বিরক্তি তৈরি হয়, ফলে হঠাৎ করে স্বাভাবিক খাবারে ফিরে গেলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে এবং আবার ওজন বেড়ে যেতে পারে।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ, ওজন কমাতে হলে ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস অনুসরণ করাই সবচেয়ে কার্যকর উপায়। প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট ও বিভিন্ন ধরনের সবজি-সমৃদ্ধ খাদ্য গ্রহণের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা জরুরি। নিরাপদভাবে প্রতি সপ্তাহে সর্বোচ্চ এক কেজি ওজন কমানোই সবচেয়ে ভালো এবং দীর্ঘস্থায়ী ফল দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন